রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ১০:৫৯ পিএম

২ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ’ হয়ে গাইবান্ধায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি এই দলবদল করেন।

বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন এবং মনোহরপুর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোহরপুর এলাকার বাসিন্দারা জানান, আব্দুল বারী মন্ডল প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।যোগদান বিষয়ে আব্দুল বারী মন্ডল বলেন, "ছোটবেলা থেকেই আমি জামায়াতকে ভালোবাসি।" তিনি জানান, জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়েই তিনি দলটি বেছে নিয়েছেন।

জামায়াতের পক্ষ থেকে যোগদানকারী আব্দুল বারী মন্ডল ও তাঁর অনুসারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং নেতাকর্মীদের হাতে কয়েকটি বই তুলে দেওয়া হয়।জামায়াতে যোগদানের বিষয়ে পলাশবাড়ী উপজেলা শাখার আমির আবু বক্কর সিদ্দিক বলেন, "আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে মো. আবদুল বারী মন্ডল ও তার অনুসারী বিএনপির অঙ্গ সংগঠন থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।"

অন্যদিকে, পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো হযরত আলী এই দলবদলের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন। তবে তিনি জানান, আব্দুল বারী মন্ডল লিখিতভাবে বিষয়টি তাঁদের জানাননি।

যোগদান উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আসাদ আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।