রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটা-ফুলছড়িতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজেমুল নয়ন

মোস্তাফিজুর রহমান

অক্টোবর ৫, ২০২৫, ০২:০০ পিএম

সাঘাটা-ফুলছড়িতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজেমুল নয়ন

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক অ্যাডভোকেট নাজেমুল ইসলাম প্রধান নয়ন। তিনি বর্তমানে জনগণের মাঝে বিএনপি'র আদর্শ ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে গণসংযোগ করছেন।

অ্যাডভোকেট নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, কল্যাণমূলক ও প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গঠনে তিনি কাজ করতে চান। নারী অধিকার নিশ্চিত করা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তার অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের প্রতি নিষ্ঠা, কারানির্যাতন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলের তৃণমূল পর্যায়ে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও সাঘাটা উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট নয়ন জানান, "দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ আমি জয়লাভ করব এবং এই আসনটি ধানের শীষের জয় ঘরে তুলব। প্রয়োজনীয় সব নির্বাচন ব্যয় আমি নিজ আর্থিক সামর্থ্য থেকেই বহন করব।"

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবায়ও তিনি সক্রিয়। নিজ তহবিল থেকে গরিব শিক্ষার্থীদের সহায়তা, নদীভাঙন এলাকার অসহায় মানুষের চিকিৎসা সহযোগিতা, খাদ্য ও বস্ত্র বিতরণ, মসজিদ-মন্দিরে অর্থ সহায়তা এবং সনাতন ধর্মাবলম্বীদের উৎসব পালনে মানবিক উদ্যোগ নিয়েছেন তিনি।

তিনি ১৯৮৮ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে ছিলেন এবং ২০০০ সাল থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। দলীয় নেতাকর্মীরা মনে করেন, আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা, সততা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি এই আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন।