সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৩:০৬ পিএম

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

ছবি - সংগৃহীত

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার বিকেলে পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, রোববার দুপুর ১২টায় তিস্তার পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও উজানের ঢলের চাপ বাড়তে থাকায় বিকেল ৩টার দিকে তা বিপৎসীমা (৫২.১৫ মিটার) অতিক্রম করে যায়। পানির তীব্র স্রোত নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে।

পানি বৃদ্ধির ফলে ইতোমধ্যে লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী ও সিঙ্গিমারি, আদিতমারীর মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের বিভিন্ন চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নদীভাঙন ও বন্যার আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যারাজের সব জলকপাট খোলা রাখা হয়েছে। পাশাপাশি, তিস্তা নদীর অববাহিকার মানুষদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।