বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

অনেক বছর পর রিয়েল ইলেকশন দেখব’, বললেন প্রেস সচিব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১০:৩০ পিএম

অনেক বছর পর রিয়েল ইলেকশন দেখব’, বললেন প্রেস সচিব

ছবি - সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, “অনেক বছর পর আমরা একটি বাস্তব নির্বাচন দেখতে যাচ্ছি। বিগত ষোলো বছর হাসিনার আমলে আমরা ভুয়া নির্বাচন দেখেছি। আমরা সেই অবস্থান থেকে বের হয়ে এসেছি। আমার বিশ্বাস, ইতিহাসের অন্যতম একটি সেরা নির্বাচন হতে যাচ্ছে এটি।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শফিকুল আলম বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। নির্বাচন নিয়ে সব বাধা ও সংশয় ধুয়েমুছে গেছে। দেশ এখন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে এগোচ্ছে।”

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। ময়মনসিংহ থেকে জামালপুর ও হালুয়াঘাট যাওয়ার পথে তিনি বিভিন্ন নেতার পোস্টার দেখতে পেয়েছেন উল্লেখ করে বলেন, “দলগুলো যখন প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সব রাজনৈতিক দল সনদটি নিয়ে ঐকমত্যে পৌঁছেছে এবং আগামী ১৫ অক্টোবর সবাই এতে স্বাক্ষর করবে। এ সময় তিনি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তিতে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ধন্যবাদ জানানোর বিষয়টিও উল্লেখ করেন।মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।