বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের নতুন প্রার্থীর নাম ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১২:৩৩ পিএম

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের নতুন প্রার্থীর নাম ঘোষণা

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  (পূর্বে) ঘোষিত প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে বিশিষ্ট চিকিৎসক ও পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক কর্মী সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গেছে, আগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামান বার্ধক্যজনিত কারণে কেন্দ্রীয় কমিটির কাছে তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন।

কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড তার আবেদন গ্রহণ করে ডা. রেজাউল করিমকে নতুন করে মনোনয়ন দেয়। ডা. রেজাউল করিম একজন স্বনামধন্য চিকিৎসক হওয়ার পাশাপাশি রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে এলাকায় একজন সমাজসেবক হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য  নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”

এ সময় নবমনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিমকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এই আসনটির সর্বশেষ সংসদ সদস্য ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।