রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাতের অন্ধকারে ভোট চাই না: প্রধান নির্বাচন কমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৩:১১ পিএম

রাতের অন্ধকারে ভোট চাই না: প্রধান নির্বাচন কমিশনার

ছবি - সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, “আমরা রাতের অন্ধকারে ভোট চাই না। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।” তিনি বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা হবে।

রোববার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সিইসি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, “ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। প্রয়োজন হলে আপনারা ১০ মিনিটের বেশি সময়ও থাকতে পারবেন। আমরা চাই আপনারা নির্বাচন কাভার করুন এবং সত্য ও সঠিক তথ্য তুলে ধরুন।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সাংবাদিকদেরও নিতে হবে। যেকোনো সংবাদ প্রচারের আগে তা যাচাই করে নেওয়ার ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।সিইসি বলেন, “আগে মেসেজ ছিল, ‘আমার পক্ষে কাজ না করলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। আর এখনকার মেসেজ হলো, ‘তুমি যদি কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করো, তাহলে তোমার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে’। এই বার্তা একদম স্পষ্ট।”

অবৈধ অস্ত্র উদ্ধার এবং রোহিঙ্গা ভোটারদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে এবং নির্বাচন সম্পূর্ণ হালনাগাদ ভোটার তালিকার ওপর ভিত্তি করেই অনুষ্ঠিত হবে।