বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গণহত্যার বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৩:৫৭ পিএম

গণহত্যার বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস আলম

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার সহযোগীরা, যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার দৃশ্যমান না হলে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে।”সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদের জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার মামলার রায় হতে পারে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবিই ছিল এই বিচার। তাই বিচার প্রক্রিয়া দৃশ্যমান না করে নির্বাচন আয়োজন করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।আসন্ন নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন,

“জাতীয় নাগরিক পার্টি যে কোনো জোটে যেতে পারে, তবে অবশ্যই নিজের নামে এবং নিজের প্রতীকে নির্বাচন করবে। আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব।”চট্টগ্রাম বন্দরের টার্মিনাল লিজ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, “দেশের স্বার্থে এবং রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করার জন্য সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে এনসিপি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।