অক্টোবর ১৭, ২০২৫, ১২:০৪ এএম
জাগো বাহে, তিস্তা বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীরে এক বিশাল মশাল মিছিল ও সমাবেশ করেছেন নদীপাড়ের হাজার হাজার মানুষ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তিস্তা তীরবর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে স্থানীয়রা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভাসানী সেতু এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে হাজার হাজার মশালের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। মশাল হাতে (অংশগ্রহণকারীরা) নদী ভাঙন রোধ এবং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, “তিস্তা নদী রক্ষার এই আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই নদী মরে গেলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন