রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন: মাসুদ সাঈদী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৭:৩৪ পিএম

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন: মাসুদ সাঈদী

দেশের প্রকৃত উন্নতি চাইলে দুর্নীতিকে অবশ্যই ‘না’ বলার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের অপূরণীয় ক্ষতি করেছে।

এই দুর্নীতিকেই তিনি বর্তমানে দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেন। শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কড়া সমালোচনা করে অভিযোগ করেন, তার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করা হয়েছে। তিনি আরও দাবি করেন, এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী লীগের একজন এমপি এক হাজার সাতশো কোটি টাকা লুট করেছেন। তিনি বলেন, এখন সময় বদলেছে। গত ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে।

তিনি হুঁশিয়ারি দেন, এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না। জনগণ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে।জিয়ানগর উপজেলার সাবেক এই চেয়ারম্যান দাবি করেন, দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির এই অপরাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীই সক্ষম। তিনি বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও দেশের প্রকৃত উন্নয়ন চাইলে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। 

মাসুদ সাঈদী উল্লেখ করেন, অতীতে জামায়াতের মন্ত্রী, এমপি এবং উপজেলা চেয়ারম্যানরা তাদের দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতি না করে প্রমাণ করে দিয়েছেন যে, সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত থেকেই রাষ্ট্র পরিচালনা সম্ভব। তাই আদর্শ সমাজ গড়তে তিনি ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ উপস্থিত ছিলেন।