রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তরা ইপিজেডের ৪ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৬:৫৭ পিএম

উত্তরা ইপিজেডের ৪ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ রোববার (২৬ অক্টোবর) বিকেলে পৃথক পৃথক নোটিশ জারি করে এই বন্ধের ঘোষণা দেয়। বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড। এই আকস্মিক ঘোষণায় কারখানাগুলোর শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কর্তৃপক্ষের জারি করা নোটিশে বন্ধের কারণ হিসেবে শ্রমিকদের একাংশের বিরুদ্ধে বেআইনি ধর্মঘট ও কারখানার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, গত শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কারখানার কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরবর্তীতে তারা অন্যান্য শ্রমিকদেরও একত্রিত করে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন এবং কারখানার স্বাভাবিক কার্যক্রমে বাধা দেন।

কর্তৃপক্ষ শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে দ্রুত কাজে যোগদানের নির্দেশ দিলেও শ্রমিকরা তা অমান্য করে কাজ থেকে বিরত থাকেন। রোববারও (২৬ অক্টোবর) শ্রমিকরা একইভাবে কাজ বন্ধ রাখায় কারখানার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে নোটিশে দাবি করা হয়েছে।

শ্রমিকদের এই আচরণকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ অনুযায়ী ‘বেআইনি ধর্মঘট’ হিসেবে অভিহিত করে কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের বাধা ও সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ, শ্রমিকদের জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা,

বেআইনি ধর্মঘট এবং কারখানার সামগ্রিক অস্থিতিশীল পরিবেশ বিবেচনা করে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ১২(১) ধারা মোতাবেক রোববার (২৬ অক্টোবর) থেকে উল্লিখিত চারটি কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। নোটিশে আরও বলা হয়, পরবর্তীতে কারখানায় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পুনরায় নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে এই বন্ধের ঘোষণা কারখানার নিরাপত্তা শাখা এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য প্রযোজ্য হবে না।