অক্টোবর ২৭, ২০২৫, ১২:৪৫ পিএম
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) শিবচর উপজেলার ৭১ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। আয়োজকরা ইসকনকে 'হিন্দুত্ববাদী উগ্র সংগঠন' আখ্যা দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনেন।
'হাজী শরিয়তুল্লাহ (রহ:) সমাজ কল্যাণ পরিষদ'-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, আলিফ হত্যার বিচার, মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে গুম করে হত্যাচেষ্টা এবং মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে তারা এই সমাবেশের ডাক দেন।বিক্ষোভ মিছিলটি পীরজাদা হানজালা সাহেবের নেতৃত্বে উপজেলার ৭১ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ইসকনবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে হাজী শরিয়তুল্লাহর সপ্তম পুরুষ পীরজাদা মাওলানা হানজালা বলেন, ইসকন একটি উগ্র সংগঠন, যারা ধর্মের নামে সন্ত্রাস চালাচ্ছে। তিনি বক্তব্যে উল্লেখ করেন, 'আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শত্রু নই, তারা এ দেশের নাগরিক এবং আমরা তাদের সম্মান করি। তবে ইসকনের বিচার না হওয়া পর্যন্ত শিবচরের মাটিতে তাদের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না।'
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন দীর্ঘদিন ধরে দেশজুড়ে নানা উগ্র কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তারা মুসলিম খতিব ও ওলামাদের গুম, আইনজীবী হত্যা, নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে বলে দাবি করেন। এ সময় বক্তারা অবিলম্বে ইসকনের সকল কার্যক্রম বন্ধ এবং সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন