বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

নির্বাচনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন: শিবির সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৫:১২ পিএম

নির্বাচনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনের জন্য দেশে আরও ভালো পরিবেশ প্রয়োজন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধান দুটি দাবি—গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার—এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করেন, তবে তিনি সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ডিপার্টমেন্টে প্লেসধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগেই ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি চাওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখায় যে, ক্ষমতায় যেই এসেছে তারা ফ্যাসিবাদী হয়ে উঠেছে বা সর্বোচ্চ ফ্যাসিস্ট হিসেবে পরিচিত হয়েছে। তাই তিনি মনে করেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকা উচিত।জাহিদুল ইসলাম বলেন, ১৯৭১ সালে মানুষ জীবন দিয়েছিল মুক্তি ও সমৃদ্ধ বাংলাদেশের আশায়।

কিন্তু ক্ষমতায় যারা এসেছে তারা স্বৈরাচারী হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আর কেউ স্বৈরাচারী হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।আসন্ন নির্বাচনে ছাত্রশিবির প্রশাসনকে সহযোগিতা করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন যদি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করব।ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে শিবির সভাপতি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে ছাত্রশিবির সর্বোচ্চ আওয়াজ তুলেছে। সাধারণ শিক্ষার্থীরাও চাইছিলেন ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতি চর্চা হোক।

সেই দাবিতে তারা চারটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন প্রাথমিকভাবে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আশা করেন, প্রশাসন দ্রুত নির্বাচনের তারিখ ও ইশতেহার ঘোষণা করবে।অনুষ্ঠানে কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা প্রমুখ।