বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

অভিযুক্তরা যেন পালাতে না পারেন’: দুদক চেয়ারম্যান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৮:০১ পিএম

অভিযুক্তরা যেন পালাতে না পারেন’: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, বিগত সরকারের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যারা এখনো দেশে অবস্থান করছেন, তারা যেন কোনোভাবেই পালাতে না পারেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে একটি গণশুনানি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি দমন কমিশন বিগত সরকারের দুর্নীতির অভিযোগে মামলা করেছে। কিছু মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং আরও কিছু মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রীসহ (সাবেক) যারা পার্শ্ববর্তী দেশে চলে গেছেন... সীমান্ত পার হয়ে। আর যারা (অভিযুক্ত) দেশে আছেন, তারা যেন কেউ পালাতে না পারেন।’

ড. মোমেন বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্যের কথা উল্লেখ করে বলেন, ‘বর্তমান সরকার ড. ইউনূসের নেতৃত্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছে। বিগত সরকারে যারা ছিলেন তারা দুর্নীতি করেছেন। এবার যারা নির্বাচন করবেন তারা যেন এগুলো না করেন। তাহলে আমরা একটি কল্যাণমূলক সরকার গঠন করতে পারব। তখন হয়তো এ ধরনের দুর্নীতি অফিসের (দুদক) আর প্রয়োজন হবে না।’

এর আগে দুদক চেয়ারম্যান গণশুনানিতে অংশ নেন। এই গণশুনানিতে মোট ৭৫টি অভিযোগের শুনানি করা হয়, যা জেলার ২৬টি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে ৩৩টি অভিযোগের সমাধান করা হয়, ৭টি অভিযোগ খারিজ করে দেওয়া হয় এবং বাকি ৩৫টি অভিযোগ খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়।গণশুনানির পূর্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী উপস্থিত ছিলেন।চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, খুলনা বিভাগীয় দুদকের পরিচালক জালাল উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।