অক্টোবর ২৯, ২০২৫, ০৭:১৫ পিএম
দেশে টেকসই গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (২৯ অক্টোবর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবারি ইউনিয়নের বিলডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজিরপুর উপজেলার উন্নয়নে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা এবং অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান উন্নয়ন যাত্রায় সুশাসন প্রতিষ্ঠা, অর্থনীতিতে সংস্কার এবং ক্ষমতার ভারসাম্যে সংস্কার আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, সুশাসন ও কার্যকর নীতিগত সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন আশা করা যায় না।
তিনি আরও বলেন, টেকসই সংস্কারের জন্য একটি গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সংস্কার কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সামগ্রিক প্রক্রিয়া যা সরকারকেই আন্তরিকভাবে করতে হবে। এজন্য বিচার বিভাগ, সংস্কার প্রক্রিয়া এবং উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী করতে একটি উপযুক্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।
সুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে সাঈদী বলেন, জবাবদিহিতা দায়িত্বশীলতা বৃদ্ধি করে, দুর্নীতি রোধ করে এবং স্বৈরাচারকে প্রতিহত করে। কোনো সরকারই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। তিনি মনে করেন, আল্লাহভীরু লোক ছাড়া জবাবদিহিতার মানসিকতাসম্পন্ন মানুষ পাওয়া দুষ্কর এবং পরকালে বিশ্বাসী লোক ছাড়া সুশাসন ও জবাবদিহিতা বাস্তবায়ন সম্ভব নয়।
দেশের দুর্নীতি পরিস্থিতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে মাসুদ সাঈদী বলেন, দুর্নীতি বন্ধে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্নীতি নির্মূল করা প্রায় অসম্ভব। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থার মাধ্যমেও দেশে দুর্নীতির বিস্তার ঘটছে, কারণ রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ত্যাগ, সততা ও যোগ্যতার চেয়ে অর্থনৈতিক শক্তিকেই বেশি মূল্যায়ন করে। এর ফলে দুর্নীতিবাজরা সর্বস্তরে প্রভাব বিস্তারের সুযোগ পায়।
আসন্ন নির্বাচনে সারাদেশে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্য অর্জনে ইসলামপন্থী প্রার্থীদের বেশি করে সংসদে পাঠাতে হবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিনসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন