মোস্তাফিজুর রহমান
নভেম্বর ১, ২০২৫, ০৪:১৪ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীর দক্ষিণ উল্ল্যা ও সাকোয়া এলাকায় আর রাহমা ফাউন্ডেশন ও স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক, মানবিক ও ক্রীড়া উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আর রাহমা ফাউন্ডেশন ও স্পোর্টস একাডেমি ২০২০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত একটি সামাজিক, মানবিক ও ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠান। দুস্থ মানুষের সহায়তা করা, শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ— এগুলোই সংগঠনটির মূল লক্ষ্য।
ফাউন্ডেশনের স্পোর্টস একাডেমি অংশটি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজ পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর রাহমা স্পোর্টস একাডেমির উপদেষ্টা শাহ আলম ও নজরুল ইসলাম নজু, সমাজকল্যাণ সম্পাদক নুর আলম এবং সদস্য নয়ন মিয়া ও রশিদ আরিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।