নভেম্বর ৫, ২০২৫, ০৯:৫৮ এএম
আজ (বুধবার, ০৫ নভেম্বর) রাতে দেশের আকাশে দেখা মিলতে পারে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদের। মহাজাগতিক এই বিশেষ পূর্ণিমাকে বলা হয় 'সুপারমুন'।জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি।সুপারমুন কী? চাঁদ পৃথিবীকে কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার পথে আবর্তন করে। এর ফলে চাঁদ কখনো পৃথিবীর কাছাকাছি আসে (পেরিজি), আবার কখনো দূরে সরে যায় (অ্যাপোজি)। যখন চাঁদ পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে (পেরিজিতে) থাকে, তখন তাকে ‘সুপারমুন’ বলা হয়।
এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বেশ খানিকটা বড় ও বেশি উজ্জ্বল দেখায়। ফলে এ সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে।কেন 'বিভার মুন' বলা হয়? নভেম্বরের এই সুপারমুনকে ‘বিভার মুন’ও বলা হয়। উত্তর আমেরিকার আদিবাসী গোত্রগুলোর মধ্যে এই নামের প্রচলন ছিল। কারণ, নভেম্বরেই বিভাররা (প্রাণী) শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য সংগ্রহে সবচেয়ে ব্যস্ত থাকে।
আবহাওয়া পরিষ্কার থাকলে এবং আকাশ মেঘমুক্ত থাকলেই দেশবাসী এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এই মহাজাগতিক সৌন্দর্য দেখতে আজ চোখ রাখুন রাতের আকাশে। এ বছরের শেষ সুপারমুনটি দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন