নভেম্বর ৬, ২০২৫, ০৬:৪৯ পিএম
পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি পরিবার হিসেবে বাঁচার পরিবেশ নিশ্চিত করতে চায় তার দল। তিনি বলেন, “সংখ্যালঘুর যে প্রতিবন্ধকতা সেটা উঠিয়ে দিতে চাই। আমরা সবাই বাংলাদেশি— তাই আমরা যেমন মসজিদ পাহারা দিয়ে রাখি তেমনি মন্দিরও পাহারা দিয়ে রাখব।”বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে জামায়াতে ইসলামীর অফিসে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী বা জনশক্তি অমুসলিমদের ওপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর, কোনোপ্রকার নির্যাতন করেনি বা বাড়ি-জমি দখল করেনি। তার বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন এমপি ছিলেন, তখন সেখানকার হিন্দু ধর্মাবলম্বীরা কুসুম যেমন ডিমের মধ্যে নিরাপদ ছিল, তেমনি তারাও সেরকম নিরাপদে ছিল বলে তিনি দাবি করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে প্রায়শই পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয় উল্লেখ করে শামীম বিন সাঈদী বলেন, তার দলটি কখনোই পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বা রাজনৈতিক সম্পর্ক রাখে না। তিনি বলেন, “যারা মুসলিম লীগ ছিল, তারাই রাজাকার ছিল। যেহেতু মুসলিম লীগ বাংলাদেশে নেই, তাই তাদের দায়ভার জামায়াতে ইসলামের ওপর পড়েছে। ইসলামের কথা বললেই রাজাকার হয়ে যায় না; যারা ভারতে পালিয়ে গেছে, তারাই রাজাকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্ম পরিষদ সদস্য ও নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় দিলিপ সিকদার বুলু, নারায়ন চন্দ্র ডাকুয়া, বাবু তাপস মজুমদারসহ স্থানীয় হিন্দু নেতারা বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন