শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ডোমারে মাদকসহ আটক বহু মামলার আসামি

শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০২:৩৯ পিএম

ডোমারে মাদকসহ আটক বহু মামলার আসামি

ছবি: দিনাজপুর টিভি

ডোমারে মাদকসহ রুপা বেগম (৪৪) নামের এক নারীকে নিজ বাসভবন থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা কাজীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে ডোমার থানা পুলিশ। আটক রুপা বেগম ওই এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী। তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ছোট রাউতা কাজীপাড়া এলাকায় রুপা বেগমের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, রুপা বেগমের বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মাদক মামলা রয়েছে এবং একাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিন বা মুক্তিতে বেরিয়ে তিনি পুনরায় এলাকায় মাদক কারবারে যুক্ত হন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রুপা বেগমের মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে বিপথগামী হচ্ছিল। বারবার আটকের পরও কারাগার থেকে ছাড়া পেয়ে তিনি একই কারবার চালিয়ে যাচ্ছিলেন। আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, আটক রুপা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং শনিবার সকালে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।