সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:২২ পিএম
নীলফামারীতে মাদকবিরোধী সভা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ সমাজকে রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার সদর উপজেলার ৫ নম্বর টুপামারী ইউনিয়নের দক্ষিণ কিসামত দোগাছি এলাকায় এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসী যৌথভাবে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনি ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন (পিপিএম-সেবা)। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, মাদক কেবল একজন ব্যক্তিকেই শেষ করে না, বরং পুরো পরিবার ও সমাজকে পঙ্গু করে তোলে। মাদক কেনাবেচা এবং সেবনের সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর কারাদণ্ডের বিধান রয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পুলিশি কঠোরতা পুরোপুরি বহাল থাকবে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, পুলিশের একার পক্ষে এই অভিশাপ নির্মূল করা সম্ভব নয়। সমাজ থেকে এটি পুরোপুরি উপড়ে ফেলতে অভিভাবক ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে মাদকের কুফল তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য দেন আহমেদ রায়হান। তিনি জানান, ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষার চর্চাই তরুণদের মাদকের অন্ধকার পথ থেকে দূরে রাখতে পারে। সভাপতির বক্তব্যে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মছিরত আলী শাহ ফকির ঘোষণা দেন, গোটা ইউনিয়নকে শতভাগ মাদকমুক্ত না করা পর্যন্ত প্রশাসনকে সাথে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক মাঠে থাকবেন।
অনুষ্ঠানের একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মো. সবিজুল ইসলাম প্রকাশ্যে মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন এবং ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর লিখিত মুচলেকা হস্তান্তর করেন। লিটন ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই সচেতনতামূলক সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন