শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিতের আশ্বাস তত্ত্বাবধায়কের

শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:০৯ পিএম

রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিতের আশ্বাস তত্ত্বাবধায়কের

ছবি: দিনাজপুর টিভি

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারীর উদ্যোগে আয়োজিত এক বিশেষ অধিপরামর্শ সভায় এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। উদ্বেগের মুখে সব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের দৃঢ় আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের তত্ত্বাবধায়কের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই সভায় সনাক ও তাদের সহযোগী সংগঠন একটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) প্রতিনিধিরা সরাসরি কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে চিহ্নিত মাঠপর্যায়ের নানা ত্রুটি উপস্থাপন করেন। সভায় বিশেষ করে সাধারণ রোগী ও তাদের স্বজনদের সাথে স্বাস্থ্যকর্মীদের অনাকাঙ্ক্ষিত অসদাচরণ, চিকিৎসাকর্মীদের অনিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতার ঘাটতি, ইনডোর ওয়ার্ডসমূহের অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরুরি ওষুধের তীব্র সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এছাড়া হাসপাতালের নিয়মিত জনবল সংকট এবং প্রশাসনিক ওয়েব পোর্টাল হালনাগাদ না থাকার মতো কাঠামোগত দুর্বলতার বিষয়টিও জোরালোভাবে উঠে আসে। বক্তারা বলেন, পুরো জেলার সাধারণ মানুষের প্রধান স্বাস্থ্য আশ্রয়স্থল হওয়ায় এই চিকিৎসাকেন্দ্রের প্রতিটি সেবার সাথে জনগণের মৌলিক অধিকার জড়িত। নাগরিক সমাজের অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হাসপাতালের শীর্ষ কর্মকর্তা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফি জানান, উত্থাপিত প্রতিটি অসংগতি অত্যন্ত সংবেদনশীলতার সাথে বিবেচনা করা হবে। তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলো সমাধান করা সম্ভব তা অবিলম্বে কার্যকর করা হবে এবং বৃহত্তর প্রশাসনিক বা নীতিগত সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে নিরসনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে হাসপাতালে কর্মরত সকলকে সময়মতো দায়িত্ব পালন এবং সেবাগ্রহীতাদের সাথে মানবিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে কঠোর প্রশাসনিক নির্দেশনা জারির কথা নিশ্চিত করেন তিনি। সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য সংস্কারের ওপর তাগিদ দেওয়া হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য তুলে ধরেন সনাকের সদস্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটু। সভায় প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল সমাজসেবা অফিসার নুরন নাহার নুরী, নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন, মোছা. বিলকিছ বানু ও মির্জা আখতার, সিনিয়র স্টাফ নার্স রিংকু আক্তার এবং ওয়ার্ড মাস্টার রাকিবুল ইসলাম।

নাগরিক অধিকারকর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি ভূবন চন্দ্র রায়, সদস্য তাহমিনুল হক ববী, শীষ রহমান, আজমা আহসান, এসিজি সমন্বয়ক মো. আব্দুল মোমিন, সহসমন্বয়ক বৈশাখী আক্তার, মো. আল-আমীন, ইয়েস গ্রুপের সহদলনেতা বর্ষা প্রামানিক, সদস্য সুমনা আক্তার এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এরিয়া কোঅর্ডিনেটর।