রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সদরে আমন ধান কর্তন উৎসবের উদ্বোধন: কৃষকের হাসি

মো:মামুনুর রশিদ

নভেম্বর ১২, ২০২৫, ০৬:১৫ পিএম

দিনাজপুর সদরে আমন ধান কর্তন উৎসবের উদ্বোধন: কৃষকের হাসি

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদরের সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর ধানের মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শস্য কর্তন উৎসব। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন।

দিগন্তজোড়া সোনালি ফসলের মাঠে জেলা প্রশাসক নিজে মাথায় লাল গামছা বেঁধে কৃষকের টুকলি কাঁধে নিয়ে ধান কেটে মৌসুমের শুভ সূচনা করেন। তিনি কৃষকদের সঙ্গে ধান কাটার আনন্দ ভাগ করে নেন।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে দিনাজপুর জেলায় প্রায় ১ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যার ফলন বিগত বছরের তুলনায় বেশি।

অনুকূল আবহাওয়া ও সরকারি সহায়তায় এবার জেলায় আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে। ধানের সুবাসে ভরে উঠেছে গ্রামবাংলা।জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ধান কাটার পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বলেন:কৃষকরাই দেশের চালিকাশক্তি। তাদের পরিশ্রমের ফলেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। সরকার কৃষকদের পাশে আছে, থাকবে—যাতে তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।

তিনি আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।এ সময় মাঠে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ মাসুম তুষারসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।