নভেম্বর ১২, ২০২৫, ০৭:১২ পিএম
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫ এ টেকনিক্যাল অফিসিয়াল বা রেফারি হিসেবে মনোনয়ন পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সৈয়দ মোহাম্মদ আলী। তিনি ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মৃত সৈয়দ আবুল খায়ারের ছেলে এবং বর্তমানে পার্বতীপুর উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজের শরীরচর্চার শিক্ষক হিসেবে কর্মরত।
গত ৯ নভেম্বর বাংলাদেশ কাবাডি ফেডারেশনের রেফারিজ কমিটি থেকে তাঁকে এই মনোনয়নের তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, আগামী ১৫-২৫ নভেম্বর পর্যন্ত '২য় নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫' ঢাকা মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্ত বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাঁকে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে মনোনীত করেছে।
তাঁকে আগামী ১৪ নভেম্বরের মধ্যে ফেডারেশন, ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে।সৈয়দ মোহাম্মদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিএসএস, এমএসএস এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড, এম পিএড সম্পন্ন করেছেন। উদীয়মান রেফারি হিসেবে ক্রীড়া ক্ষেত্রে তাঁর নিষ্ঠা, দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
ভবানীপুর ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সমরেশ চন্দ্র দাস বলেন, "সৈয়দ মোহাম্মদ আলী এর আগে আন্তঃইউনিভার্সিটি, আন্তঃজেলা ও জাতীয় পর্যায়ে বহু খেলার রেফারি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বকাপ পর্যায়ে তাঁর মনোনয়ন পাওয়ায় দিনাজপুরসহ পুরো উত্তরাঞ্চলের জন্য এটি একটি গর্বের বিষয়।"
রেফারি সৈয়দ মোহাম্মদ আলী জানান, "আন্তর্জাতিক মানের খেলায় রেফারি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি আনন্দের।"দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে ভারত, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জার্মানি ও জাঞ্জিবারসহ মোট ১১টি দেশ অংশগ্রহণ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন