রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ক্রিশ্চিয়ান ফেলোশিপের বিরুদ্ধে ঘোড়াঘাটে আদিবাসীদের প্রতিবাদ সভা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৭:৪১ পিএম

ক্রিশ্চিয়ান ফেলোশিপের বিরুদ্ধে ঘোড়াঘাটে আদিবাসীদের প্রতিবাদ সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃমান্ডলিক ক্রিশ্চিয়ান ফেলোশিপের বর্তমান কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা।

পারগানা পরিষদ, মাঞ্জহী পরিষদ, গ্রাম প্রধান উপদেষ্টা, চার্চের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ওসমানপুরে আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই প্রতিবাদ ও জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুইস মুরমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইকেল হেমরম এর সঞ্চালনায় সভায় সংস্থাটির কোষাধ্যক্ষ মাইকেল মার্ডি, সাবেক চেয়ারম্যান অনন্ত মাহাতো,

সমাজসেবক মাতিয়াস মার্ডি, সুভাষ মার্ডি, অনিল মার্ডি, রাফায়েল বাস্কে ও মাইকেল টুডুসহ অনেকে বক্তব্য রাখেন।জরুরি সভায় আদিবাসী নেতারা আন্তঃমান্ডলিক ক্রিশ্চিয়ান ফেলোশিপের বর্তমান কমিটির বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তোলেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে—২০২২, ২০২৩ ও ২০২৪ অর্থ বছরে উপজেলার প্রতিটি চার্চ হতে কর্তনকৃত অর্থের সঠিক হিসাব প্রদান না করা, ভুয়া চার্চের তালিকা দেখিয়ে অর্থ উত্তোলন এবং অর্থ আত্মসাৎ।

এছাড়াও বক্তারা কবরস্থান ও অফিসের নামে বরাদ্দকৃত জমি অন্যের নিকট অবৈধভাবে হস্তান্তর করা এবং আদিবাসী উন্নয়ন সংস্থার নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও মিটিং অবমাননার অভিযোগও তোলেন।সভাশেষে আদিবাসী নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তক্রমে বর্তমান-২০২৫ বড়দিন উপলক্ষে সরকারি বরাদ্দ উত্তোলনের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সমাজসেবক সুভাষ মার্ডিকে সভাপতি, রাফায়েল বাস্কে সহ-সভাপতি, অনিল মার্ডিকে সাধারণ সম্পাদক, মাইকেল মার্ডিকে কোষাধ্যক্ষ এবং রাম টুডু, ইলিয়াস হাসদা ও পলি পাউলিনা লাকড়াকে সদস্য করে একটি নতুন কমিটি গঠন করা হয়।