মো: মামুনুর রশিদ
নভেম্বর ১৯, ২০২৫, ০২:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য "অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী যুবদের প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সচেতনতা বাড়ানো হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা দিনাজপুর-এর উদ্যোগে, লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়।
প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় স্বাগত বক্তব্যে বলেন, "প্রত্যেকটি প্রতিবন্ধী মানুষ তার সক্ষমতা অনুযায়ী অবদান রাখতে পারে, যদি সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্র তাদের প্রতি প্রবেশগম্যতা নিশ্চিত করে ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব প্রদর্শন করে।
এই প্রশিক্ষণ সেই দৃষ্টিভঙ্গিকে আরও সুদৃঢ় করবে।"প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ. কে. এম. মোস্তাফিজুর রহমান, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (কম্পিউটার) মোছা: নাজমা আখতার নাজু সহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ এবং দীপশিখার পক্ষে প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায়, সিবিআর ফেসিলিটেটর শফী কামালসহ ইম্পেক্ট গ্রুপ ও যুব সংঘের সদস্যবৃন্দ।
উন্মুক্ত আলোচনায় উপস্থিত শিক্ষকমণ্ডলী জানান, তাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ২% কোটা রয়েছে। এছাড়া প্রশিক্ষণ ও প্লেসমেন্ট চলাকালীন তাদের জন্য কিছু বৃত্তির ব্যবস্থা রয়েছে এবং পরীক্ষার সময় প্রয়োজনে অতিরিক্ত সময়ও প্রদান করা হয়। তবে সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযোগী প্রশিক্ষিত জনবল এবং সহায়ক শিক্ষণ উপকরণ এর চাহিদা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা বিষয়ক ধারণা, নীতিমালা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।