শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ১৯, ২০২৫, ০৮:৩৩ পিএম

দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, দিনাজপুর পৌর শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল দিনাজপুর পৌর তাঁতী দল।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী কেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলা ও উৎসবের আমেজ।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মাসুদ পারভেজ ফলাফল ঘোষণা করে জানান, সভাপতি পদে হিরা এবং সাধারণ সম্পাদক পদে মেহদী হাসান শরীফ নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে মো. হাসান আলী, যুগ্ম সম্পাদক পদে রেজাউল করিম পুতুল এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ আলী নির্বাচিত হন।নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রবিন খান জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাঁতী দলের কয়েকজন নেতা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব তাঁতী দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ফলাফল ঘোষণার পর এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান খান হাসু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, সদর উপজেলা তাঁতীদলের সভাপতি মো. বাবু, কোতোয়ালী তাঁতী দলের সহ-সভাপতি শাহিন মিন্নাত খান, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোরশেদ টুটুল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জাতীয়তাবাদী তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।