ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:০৮ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুরের খানসামায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ও ছাত্র অঙ্গন। হাদির হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলাজুড়ে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজস্ব ফেসবুক আইডিতে এসব কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খানসামা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সমন্বয়কারী রহিদুল ইসলাম রাফি।
১. বিশেষ দোয়া: আজ বাদ জুমা উপজেলার সকল মসজিদে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
ইমাম সাহেবদের প্রতি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক অবস্থান তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে। ২. বিক্ষোভ মিছিল: বাদ জুমা পাকেরহাট শাপলা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হবে। ৩. মশাল মিছিল ও থানা ঘেরাও: আন্দোলনকে আরও বেগবান করতে বাদ মাগরিব খানসামা শহরে মশাল মিছিল বের করা হবে এবং মিছিল শেষে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
আয়োজক রহিদুল ইসলাম রাফি জানান, প্রশাসনিক নীরবতা ও দায় এড়িয়ে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে এটি একটি সরাসরি প্রতিবাদ। এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও শহীদদের মর্যাদা রক্ষার লড়াই। তিনি বলেন, “শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই প্রতিবাদ ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই অব্যাহত থাকবে।”খানসামার সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিকদের এই কর্মসূচিতে অংশ নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। হাদির অকাল প্রয়াণে এলাকাটিতে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন