রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায় আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৪১ পিএম

কাহারোলে জনপ্রিয় চেয়ারম্যান সত্যজিৎ রায় আর নেই

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ও জননন্দিত চেয়ারম্যান সত্যজিৎ রায় পরলোকগমন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।সাদা মনের মানুষ হিসেবে পরিচিত সত্যজিৎ রায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তিনি ডাবোর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কালী বাবু রায়ের সুযোগ্য পুত্র।মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় পার্শ্ববর্তী রসুলপুর ইউনিয়নের বলেয়া মহাশ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য ও দাহকার্য সম্পন্ন হয়। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নিয়ে প্রিয় এই জনপ্রতিনিধির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

জনপ্রিয় এই চেয়ারম্যানের অকাল মৃত্যুতে কাহারোল উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, সত্যজিৎ রায়ের মৃত্যুতে ডাবোর ইউনিয়নবাসী এক নিবেদিতপ্রাণ সেবককে হারালো।