সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রীর অসমাপ্ত কাজ সফল করার শপথ নিতে হবে

ফাহিম হোসেন রিজু

জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৪৫ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রীর অসমাপ্ত কাজ সফল করার শপথ নিতে হবে

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দিনাজপুর-৬ আসনের ধানের শীষের এই মনোনীত প্রার্থী বলেন, দেশনেত্রী বলতেন—বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। তাঁকে নানাভাবে হেনস্তা করা হলেও আল্লাহ তাঁকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. জাহিদ হোসেন আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফার আলোকে দেশের মানুষকে সুসংগঠিত করে একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।তিনি বলেন, দেশনেত্রী যে আন্দোলনের সূচনা করেছিলেন, সেই পতাকাকে সমুন্নত রাখতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে 'বাংলাদেশি' পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নয়নসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।