জানুয়ারি ১২, ২০২৬, ১১:৩৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল মোড় দোকান মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা কমান্ডার মো. মকছেদ আলী মঙ্গোলিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহিন খান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না।বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তাঁরা বলেন, দেশনেত্রীর আদর্শ ও দেশপ্রেম প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে চিরজাগরণী হয়ে থাকবে।মাহফিলে পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খানসহ বিএনপি, তাঁতী দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইকবাল হাই স্কুল মোড় দোকান মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ এবং সমিতির অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আমিনুল ইসলাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন