মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৪৭ পিএম
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বলেছেন, "প্রবীণদের সম্মান করুন। তারা সমাজের বোঝা নয়, বরং পরিবার, সমাজ ও জাতির বাতিঘর। প্রবীণদেরও সুস্থ, সুন্দর ও কর্মময় জীবনের অধিকার রয়েছে। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।"
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শীতার্ত সদস্যদের মাঝে কম্বল ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সমিতির মোট ১৫০ জন সদস্যের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি আরও ১৩৮ জন সদস্যকে কম্বল ক্রয়ের সহায়তা হিসেবে জনপ্রতি ৫০০ টাকা করে মোট ৬৯ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান ও সমিতির সাবেক চেয়ারম্যান মো. মোকাররম হোসেন।
সমিতির কোষাধ্যক্ষ মো. ফসিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমটি সার্বিক তত্ত্বাবধান করেন সমিতির কম্পিউটার অপারেটর মো. হাসনাত রহমান।