মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে ৪৫০টি হতদরিদ্র পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও টেকসই জীবিকায়নে সক্ষম করে তোলার লক্ষ্যে উন্নত প্রযুক্তিতে গবাদি প্রাণী ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, সংস্থার কর্ম এলাকার ৪৫০টি হতদরিদ্র পরিবারের নির্বাচিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সদর উপজেলার চেহেলগাজী ও শেখপুরা ইউনিয়নে দুটি পৃথক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম। তিনি অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতিতে গবাদি প্রাণী ও হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ খামার ব্যবস্থাপনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা। তিনি বলেন, “ওয়ার্ল্ড ভিশন সমাজের দরিদ্র, অসহায় এবং পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে তাদের জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।