মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে ১০ দলীয় ঐক্যজোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে মতবিনিময় সভা করেছে জাতীয় যুবশক্তি।শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম।
নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাইনুল আলম বলেন, “আমি আপনাদের নেতা নই, সেবক হিসেবে থাকতে চাই। আমার কাছে আসতে কোনো মাধ্যম বা মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন।
আমি কথা দিচ্ছি, আপনাদের সুখে-দুঃখে সর্বদা নিজেকে আপনাদের সেবায় নিয়োজিত রাখব। এখন শুধু আপনাদের বিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা।সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে বলেন, “আমরা দিনাজপুর-৩ সদর আসনটি ১০ দলীয় ঐক্যজোটকে উপহার দিতে চাই।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং নির্বাচনী ফলাফল হাতে নিয়েই আমরা কেন্দ্র ত্যাগ করব।”মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের নির্বাচন পরিচালক মো. মেহরাব আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মো. মাসুদ রানা, জাতীয় যুবশক্তির দিনাজপুর জেলা আহ্বায়ক আব্দুর রাজ্জাক
যুবশক্তি সদর উপজেলা আহ্বায়ক ফারুক হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হযরত আলী অনিক এবং জাতীয় শ্রমিকশক্তি দিনাজপুরের যুগ্ম সমন্বয়কারী রকন আহমেদ রাতিন।এছাড়া এনসিপি ও সহযোগী সংগঠনের জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ মার্কার প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।