রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মাইনুল আলমের সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মো:মামুনুর রশিদ

জানুয়ারি ২৯, ২০২৬, ০৬:২৪ পিএম

দিনাজপুরে মাইনুল আলমের সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল করেছে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের প্রধান প্রধান সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৩টায় শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট লিলির মোড় ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে। প্রায় ৪ শতাধিক নারী কর্মীর অংশগ্রহণে মিছিলটি দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছা. মোস্তাকিমা বেগম ও অঞ্চল মহিলা বিভাগের টিম সদস্য আফরোজা বেগম। তারা বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট মাইনুল আলম ভাইকে বিজয়ী করতে দিনাজপুরের মহিলা বিভাগ ঐক্যবদ্ধ। 

ভোটের মাঠে আমাদের সরব উপস্থিতিই সাংগঠনিক শক্তির পরিচয় দেবে।নেতৃবৃন্দ কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, "নির্বাচনী প্রচারণায় বিনয় ও নম্রতার সাথে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কোনো প্রকার উগ্র আচরণ করা যাবে না। ইসলামী মূল্যবোধ বজায় রেখে মানুষের মন জয় করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে হবে।

মিছিলে মহিলা বিভাগের জেলা টিম সদস্য নার্গিস আরা বেগম, আজিফা খানম, শহর ও সদর টিম সদস্য রিফাত সালেহীন, মুন্নিয়ারা, শাহনাজ পারভীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নেতৃত্ব দেন। এই নির্বাচনী তৎপরতা ঘিরে স্থানীয় মহিলা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।