রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না: মাইনুল আলম

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:১৫ পিএম

দেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না: মাইনুল আলম

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী অ্যাডভোকেট মোঃ মাইনুল আলমের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, “দেশে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং তারা আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না।

তারা একটি সমৃদ্ধ দিনাজপুর গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে মাইনুল আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান।দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের জোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা এবং ডাকসুর বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার। 

এছাড়াও জোটের শরিক দল হিসেবে জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মোঃ রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বন্ধন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। গণমিছিলে বিপুল সংখ্যক নারী ভোটারসহ জোটের নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।