শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে পীর সাহেব চরমোনাইয়ের বিশাল জনসভা

মো. মোমিনুল ইসলাম

জানুয়ারি ৩০, ২০২৬, ১০:০১ এএম

দিনাজপুরে পীর সাহেব চরমোনাইয়ের বিশাল জনসভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দিনাজপুরে বিশাল নির্বাচনী জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুর উত্তর জেলা নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, দেশে শান্তি, ন্যায়বিচার এবং ইসলামি হুকুমত কায়েমের লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দিন। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক জনতাকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণের প্রত্যাশিত নীতি-আদর্শ বাস্তবায়িত হয়নি। ইসলামী আদর্শ ছাড়া দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, "ইসলামী শরীয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনায় দুর্নীতিবাজ ও দুঃশাসনকারীরা ভয় পায়। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ইসলামের দাওয়াত ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, দিনাজপুর উত্তর জেলা সেক্রেটারি অধ্যাপক মুফতি খাইরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাহির আহমাদ এবং দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নূরে আলম সিদ্দিকী।

দিনাজপুর উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জেলার ৬টি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা হলেন—মাও. আনোয়ার হোসেন নদভী (দিনাজপুর-০৩), মাও. রেদওয়ানুল করীম রবি (দিনাজপুর-০৬), অ্যাডভোকেট মো. চান মিয়া (দিনাজপুর-০৪), শেখ মুহাম্মদ মাহদী ইমাম (দিনাজপুর-০১) এবং মাও. আবু বকর সিদ্দিক (দিনাজপুর-০২)। জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলসহ যোগ দেন।