রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ধানের শীষের বিশাল জনসভা

মো আরিফ ইসলাম

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৫০ পিএম

বীরগঞ্জে ধানের শীষের বিশাল জনসভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌর শহরের দীর্ঘদিনের প্রধান সমস্যা যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করব। জনগণ আজ নানাবিধ সমস্যায় জর্জরিত; এসব থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু এবং কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সদস্য বাবু সুভাষ দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।