শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে রেল কর্মচারীদের কর্মবিরতি

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:২৬ পিএম

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে রেল কর্মচারীদের কর্মবিরতি

ছবি-দিনাজপুর টিভি

৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীরা।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশন চত্বরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা নবম পে-স্কেল বাস্তবায়ন এবং ১০৩-১০৭ ধারা কার্যকর করার জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো ৯ম পে-স্কেল বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। 

বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর শাখার আয়োজনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের বিভাগীয় আহ্বায়ক ফজলুর রহমান, ওপেন লাইন রেল শাখার সানোয়ার হোসেন, রেল শাখার সম্পাদক সুমন শরীফ এবং কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম মিশুসহ অন্যান্য নেতৃবৃন্দ।