রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ৭০ বোতল বাংলা মদ উদ্ধার

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:১৮ পিএম

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ৭০ বোতল বাংলা মদ উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোদাবাড়ী শালবাগান এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। 

অভিযানে সীমান্ত পিলার ৩২২/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগান এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা। 

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।” পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।