ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:০০ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ প্লাস’। আজ রোববার সকালে উপজেলার চম্পাতলী এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ৫০টি দরিদ্র, বৃদ্ধ, বিধবা ও কর্মহীন পরিবারের হাতে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, আলু, মুড়ি, খেজুর, স্যালাইন, ছোলা, লবণ, সেমাই ও চিনি। রমজান মাসে অভাবী মানুষের খাদ্যকষ্ট লাঘবে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, চিরিরবন্দর কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানকার অনেক মানুষ শারীরিক অক্ষমতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহে তাদের বেশ হিমশিম খেতে হয়। বিশেষ করে রমজান মাসে এসব পরিবারের কষ্ট বেড়ে যায়। তাদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই লাইফ প্লাস এই সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দিনাজপুর প্রতিনিধি মো. মোরশেদুল হকসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ। সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। লাইফ প্লাস ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তারের আশাবাদ ব্যক্ত করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন