সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর বাস টার্মিনাল আধুনিক করার ঘোষণা এমপির

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

দিনাজপুর বাস টার্মিনাল আধুনিক করার ঘোষণা এমপির

আধুনিক হবে বাস টার্মিনাল :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে শীঘ্রই সংস্কার করে একটি আন্তর্জাতিক মানের আধুনিক টার্মিনালে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। একইসঙ্গে পরিবহন শ্রমিকদের কল্যাণে তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষায় প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত রবিবার বিকেলে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে এই সংবর্ধনা প্রদান করা হয়। 

এ সময় এমপি জাহাঙ্গীর আলম বলেন, পরিবহন শ্রমিকরা অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের আবাসন, চিকিৎসা এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি অবিলম্বে কেন্দ্রীয় বাস টার্মিনালের অবকাঠামোগত উন্নয়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এছাড়াও বক্তব্য রাখেন মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ এবং শ্রমিক নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম। বক্তারা বাস টার্মিনালের বর্তমান নানা সীমাবদ্ধতা তুলে ধরেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংসদ সদস্যের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এবং সাবেক সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী। বর্তমান আহ্বায়ক কমিটির কর্মকর্তাদের মধ্যে অর্থ সচিব মো. রাশেদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক মো. খোকনসহ কমিটির সদস্য মো. আফজাল হোসেন, মো. স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মো. মজিবর রহমান মজিব, মো. হালিম বাবু ও মো. সৈয়দ খালিদসহ শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং টার্মিনালের আধুনিকায়নে দ্রুত কাজ শুরু করার তাগিদ দেওয়া হয়।