রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তর গোপালপুরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি ও কবিগান অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:১৮ পিএম

উত্তর গোপালপুরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি ও কবিগান অনুষ্ঠিত

শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উদযাপন :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুরে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি পূজা ও ধর্মীয় উৎসব উদযাপিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী উত্তর গোপালপুর দুর্গা শিব মন্দির প্রাঙ্গণে উত্তর গোপালপুর পূজা কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আয়োজনের মধ্যে ছিল বিশেষ পূজা অর্চনা, হোম, ধর্মীয় কবিগান, নরনারায়ণ সেবা ও আলোচনা সভা।সকাল ১০টায় উত্তর গোপালপুর পূজা কমিটির সভাপতি বাবু অজিত অধিকারীর সভাপতিত্বে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথির বিশেষ পূজা শুরু হয়।

 পূজা অর্চনা ও হোম যজ্ঞ পরিচালনা করেন পুরোহিত শ্রী নীলাচর চক্রবর্তী। বেলা ১১টায় শুরু হয় এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ধর্মীয় কবিগান। ‘শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও দর্শন’ শীর্ষক এই কবিগান পরিবেশন করেন প্রখ্যাত কবিয়াল নির্মল সরকার ও স্বপন সরকার। 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির সদস্য আপন চন্দ্র রায়, শ্রী মিহির চন্দ্র রায়, তজেন রায় ও সিদ্ধার্থ রায়।সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আধ্যাত্মিক আলোচনা করবেন রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজগার আলী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আশুতোষ দেব শর্মা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক জগদীপ চন্দ্র রায়। দিনব্যাপী এই আয়োজনে শত শত ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। নরনারায়ণ সেবার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। আয়োজক কমিটি মনে করছেন, শ্রীরামকৃষ্ণের অহিংসা ও সম্প্রীতির বাণী বর্তমান সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক।