ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:৪০ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী বাসের চাপায় রাকিব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বে তৈইপাড়া নামক স্থানে দশমাইল হাইওয়ে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন (২৭) ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আরএফএল গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।
দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা ঠাকুরগাঁও থেকে নীলফামারী জেলার সৈয়দপুরে নিজের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন রাকিব।
পথিমধ্যে চিরিরবন্দরের তৈইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অসংখ্য দূরপাল্লার যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। দীর্ঘ সময় চেষ্টার পর পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন