রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদক উদ্ধার

মো: মামুনুর রশিদ

মার্চ ৩, ২০২৬, ০৪:৪৬ পিএম

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদক উদ্ধার

বিজিবির অভিযানে জব্দকৃত মাদক।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সদস্যরা গত সোমবার রাত ও মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং স্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক নির্মূলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ০২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে। 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি বিশেষ টহল দল বোচাগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালায়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেঁতড়া বাজার নামক স্থান থেকে ৪৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত এই মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।এদিকে, আজ ০৩ মার্চ ২০২৬ তারিখ ভোররাত ৪টা ৩০ মিনিটে দ্বিতীয় অভিযানটি চালায় একই ব্যাটালিয়নের ডুংডুংগী বিওপির সদস্যরা। বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৪/৭-এস হতে প্রায় ২০০ গজ অভ্যন্তরে দক্ষিণ মেরাগাঁও নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৪২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মাদকের মোট বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলোর বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন মাদক বা অবৈধ মালামাল দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি নিশ্চিত করেন।