মার্চ ১৪, ২০২৬, ০৫:৩৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। “মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ মার্চ) সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
অভিযান চলাকালে বীরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করেন। কর্মসূচিতে মুসলিম ও হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, "ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।" পৌর প্রশাসক দীপংকর বর্মন বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বীরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মশা নিধনে এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন