রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে পাইলট স্কুলের প্রাক্তনদের মিলনমেলা ও ইফতার

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৮, ২০২৬, ০৯:০২ পিএম

বীরগঞ্জে পাইলট স্কুলের প্রাক্তনদের মিলনমেলা ও ইফতার

এক্স পাইলটিয়ানদের মিলনমেলা -ছবি-দিনাজপুর টিভি

পবিত্র রমজানের শেষ দিকে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‍‍`এক্স পাইলটিয়ান‍‍` স্টুডেন্টদের উদ্যোগে আয়োজিত এই গ্র্যান্ড ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠানে কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা অংশ নেন। বুধবার ২৮ রমজান বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং স্মৃতিরোমন্থনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। 

তিনি প্রাক্তন শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে সুশিক্ষিত জনশক্তির ভূমিকার কথা তুলে ধরেন। এমপি মনজুরুল ইসলাম বলেন যে এ ধরনের আয়োজন শুধু ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

 অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় ইফতারের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।আয়োজকদের পক্ষে মোস্তফা কামাল জানান যে এক্স পাইলটিয়ানদের এই উদ্যোগ মূলত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি টেকসই সেতুবন্ধন তৈরির প্রচেষ্টা। তিনি মনে করেন বিদ্যালয় থেকে পাস করে যাওয়া শিক্ষার্থীরা এখন দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। 

তাদের সকলকে এক সুতোয় গাঁথার লক্ষ্যেই এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের। ইফতারের ঠিক আগ মুহূর্তে পুরো মাঠ প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে যা বীরগঞ্জের স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।