রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

এনামুল মবিন(সবুজ)

মার্চ ২০, ২০২৬, ০২:৪২ পিএম

চিরিরবন্দরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

চিরিরবন্দরে ঈদের জামাত -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। শুক্রবার সকাল ৯টায় উপজেলার সাইতাঁড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের চিরিনদী ঈদগাহ মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার একটি নির্দিষ্ট অংশের মানুষ সৌদি আরবের সঙ্গে একই দিনে রোজা শুরু এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। 

এবারের জামাতে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। প্রায় শতাধিক মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম।

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা তাদের এই ভিন্নধর্মী রীতির পেছনে ধর্মীয় যুক্তি তুলে ধরেন। তাদের মতে লাইলাতুল কদর যেহেতু একটি নির্দিষ্ট রাতে হয় তাই সেটি বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দিনে হওয়া যুক্তিযুক্ত নয়। এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই তারা ২০০৯ সাল থেকে সৌদি আরবের চাঁদ দেখার খবরের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় উৎসবগুলো পালন করছেন। 

তারা মনে করেন বিশ্বের যেকোনো প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে সব মুসলিম উম্মাহর উচিত একই দিনে উৎসব পালন করা। শুরুতে মুসল্লির সংখ্যা হাতেগোনা থাকলেও সময়ের ব্যবধানে এই জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ১০০ জনে পৌঁছেছে।চিরিনদী ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী জানান তিনি দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন। 

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইমাম মোহাম্মদ আব্দুল আলিম তাঁর খুতবায় মুসলিম উম্মাহকে একই দিনে রোজা ও ঈদ পালনের আহ্বান জানান। উল্লেখ্য যে দেশের অধিকাংশ মানুষ আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলেও চিরিরবন্দরের এই পরিবারগুলো আজই ঈদের আনন্দ ও পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে দিনটি অতিবাহিত করছেন। স্থানীয় প্রশাসনের নজরদারিতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই আগাম ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।