মার্চ ২১, ২০২৬, ০২:৩০ পিএম
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। আজ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল ঈদগাহে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পেরে বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন আগত মুসল্লিরা।
এর আগে রাতভর বজ্রপাত, বৃষ্টি ও মাঝে মাঝে ঝোড়ো হাওয়ার কারণে গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত আয়োজন নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছিল। তবে সকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মুসল্লিরা ময়দানে সমবেত হতে শুরু করেন। হাতে জায়নামাজ এবং ভেজা মাঠে বিছানোর জন্য প্লাস্টিক শিট নিয়ে বিপুল উৎসাহে তারা ঈদগাহে উপস্থিত হন। সকাল ৯টা বাজার আগেই বিশাল এই ময়দান মুসল্লিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
সকাল ৯টায় এই ঐতিহাসিক জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমী। নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি, মুসলিম উম্মাহর শান্তি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে দোয়া করা হয়। দিনাজপুর ছাড়াও দেশের দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই বৃহত্তম জামাতে শরিক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে জামাত সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপস্থিত দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রতিকূল আবহাওয়ার মাঝেও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে নতুন সরকার যাতে দেশের স্বার্থে সঠিকভাবে কাজ করতে পারে, সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২২ একর আয়তনের এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১৭ সালে আধুনিক নির্মাণশৈলীর মাধ্যমে এটি বৃহৎ পরিসরে সংস্কার করা হয়, যা বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশস্থলে পরিণত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন