মার্চ ২৫, ২০২৬, ১২:২৩ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল ডিপোতে ঝটিকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। মূলত উত্তরাঞ্চলের ১১টি জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং চলমান সংকট নিরসনে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিপোর বর্তমান মজুদ পরিস্থিতি, জ্বালানি খালাস প্রক্রিয়া এবং জেলাগুলোতে তেল প্রেরণের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিপিসি পরিচালিত এই ডিপোটি উত্তরাঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই উত্তরাঞ্চলের সিংহভাগ জেলায় ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করা হয়। পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ডিপোর কর্মকর্তাদের কাছ থেকে জ্বালানি তেলের বর্তমান রিজার্ভ এবং প্রতিদিনের চাহিদার বিপরীতে সরবরাহের প্রকৃত চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।ডিপো কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম নির্দেশ দেন যেন কোনো অবস্থাতেই সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন না ঘটে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বা বিতরণে অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষিকাজ ও পরিবহন খাতের গুরুত্ব বিবেচনায় রেখে বিশেষ করে ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন