রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১০:৫৩ পিএম

দিনাজপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

গণহত্যা দিবসে আলোচনা

২৫ মার্চ ১৯৭১—বাংলার ইতিহাসে এক বিভীষিকাময় ও কলঙ্কময় কালরাত্রি। এই রাতের অন্ধকারেই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’ বাস্তবায়নের লক্ষ্যে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঘুমন্ত ও নিরীহ মানুষের ওপর পরিচালিত সেই নারকীয় হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে চিহ্নিত। 

এই ভয়াল স্মৃতির শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে এবং নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা তুলে ধরতে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের সেই অন্ধকার রাতে পাকিস্তানি বাহিনী কেবল মানুষ হত্যা করেনি, তারা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই বীর বাঙালি প্রতিরোধ গড়ে তুলেছিল। 

প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ২৫ মার্চের গণহত্যা বিশ্ব ইতিহাসের এক ঘৃণ্যতম অধ্যায়। এই দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের বক্তব্যে ইতিহাসের এই সত্যকে বিকৃত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।