রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ফাহিম হোসেন রিজু

মার্চ ২৬, ২০২৬, ১২:৫০ পিএম

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিনম্র শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথেই উপজেলার সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেন। দিবসটি ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। নিজ নিজ দপ্তরের পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। 

এরপর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট সরকারি কলেজ, ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এবং উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার গুরুত্ব এবং বীর শহীদদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়।